সর্বশেষ
[ Dragon Age: Inquisition Cracked GOG Release Desktop ] [ গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি :* ] [ Netop School Portable + Crack 100% Worked MEGA ] [ *গোপালগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে এক যুবকের মৃত্যু :* ] [ মতলব উত্তরে হরিনা-দুর্গাপুর সড়কে আবারও খাদে ইটের খোয়াবাহী ট্রলি ] [ স্কুল কমিটি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ২৮ খালিয়াজুরীতে দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ; চারজনকে নেওয়া হয় ময়মনসিংহে, মামলা দুটি ] [ h5axzj4b5yq7iifzxx ] [ *গোপালগঞ্জে পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার* ] [ ব্লাড ক্যান্সারে আক্রান্ত পুলিশ কনস্টেবল মোসাম্মৎ ফারজানা আক্তার লিজা, দুটি শিশু সন্তানকে এতিম করে যেতে চান না* ] [ জুলাই যোদ্ধা আজ হাসপাতালের বেডে, একটি পা হারিয়ে অসহায়! গরিব বলে কেউ পাশে দাঁড়াচ্ছে না* ] [ খুলনা বিভাগীয় স্টেডিয়ামে তার চুরির সময় যুবক আটক ] [ Clayface 2026 HD MP4 DD5.1 𝐅𝚞𝐥𝐥 𝐌𝐨𝚟𝐢𝐞 torrent ]
নকল স্টিকারে ‘রিফিল’ বাণিজ্য! মোহনগঞ্জে অগ্নিনির্বাপক যন্ত্রে পাউডার না বদলেই স্টিকার লাগানোর অভিযোগ

নকল স্টিকারে ‘রিফিল’ বাণিজ্য!

মোহনগঞ্জে অগ্নিনির্বাপক যন্ত্রে পাউডার না বদলেই স্টিকার লাগানোর অভিযোগ

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

 

অগ্নিকাণ্ডের ভয়াবহতা থেকে মানুষ ও সম্পদ রক্ষায় ব্যবহৃত অগ্নিনির্বাপক যন্ত্রই যেন পরিণত হয়েছে প্রতারণার হাতিয়ারে। নেত্রকোনার মোহনগঞ্জে ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে ড্রাই কেমিক্যাল পাউডার পরিবর্তন না করেই পরিষ্কার করে নকল স্টিকার লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনের বিরুদ্ধে।

অভিযোগ রয়েছে, বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, পেট্রোল-ডিজেল বিক্রয়কেন্দ্র এবং ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টার থেকে অগ্নিনির্বাপক যন্ত্র সংগ্রহ করে রিফিলের নামে ১ হাজার থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নেওয়া হয়। পরে যন্ত্রে ময়মনসিংহের ‘দ্য সেফ মার্ট’ নামের একটি প্রতিষ্ঠানের স্টিকার লাগিয়ে তা ফেরত দেওয়া হয়। তবে অধিকাংশ ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর কাছে রিফিলের কোনো ভাউচার দেওয়া হয়নি বলেও অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

মোহনগঞ্জ বাজারের ২০–২৫ জন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের অনেকের অগ্নিনির্বাপক যন্ত্রে ‘দ্য সেফ মার্ট’-এর নামসংবলিত স্টিকার রয়েছে। এসব স্টিকারে রিফিল ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ থাকলেও কয়েকটিতে রিফিলকারীর স্বাক্ষর নেই।

সরেজমিনে মিলেছে স্টিকার, নেই ভাউচার

মোহনগঞ্জ পৌরশহরের কয়েকটি ডিজেল-পেট্রোল বিক্রয়কেন্দ্র এবং অন্তত ২০টি ডায়াগনস্টিক সেন্টারে সরেজমিনে অগ্নিনির্বাপক যন্ত্র পরীক্ষা করা হয়। প্রায় সব প্রতিষ্ঠানেই ‘দ্য সেফ মার্ট’ লেখা স্টিকার দেখা গেছে। কিন্তু রিফিলের অর্থ পরিশোধের কোনো ভাউচার দেখাতে পারেননি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিক বা দায়িত্বশীল ব্যক্তিরা।

প্রতিবেদকের পক্ষ থেকে অন্তত ১০টি অগ্নিনির্বাপক যন্ত্রের স্টিকারের ছবি ‘দ্য সেফ মার্ট’-এর স্বত্বাধিকারী ও ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা দুলাল মিয়াকে পাঠানো হয়। তিনি দাবি করেন, ছবিগুলোর মধ্যে মাত্র দুটি অগ্নিনির্বাপক যন্ত্র তাদের প্রতিষ্ঠান থেকে রিফিল করা হয়েছে। বাকি যন্ত্রগুলোর স্টিকার তাদের প্রতিষ্ঠানের নয়।

দুলাল মিয়া বলেন, মেয়াদোত্তীর্ণ ড্রাই কেমিক্যাল আগুন নেভানোর ক্ষেত্রে কার্যকর হবে না। রিফিল না করেই কোনো যন্ত্রে স্টিকার লাগানো হলে সেটি প্রতারণার শামিল।

২টি যন্ত্রে ২,৪০০ টাকা, ভাউচার নেই

মোহনগঞ্জের রাবেয়া এন্টারপ্রাইজের ম্যানেজার আইনুল হক বলেন, তাদের দুটি অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলের জন্য নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেগুলো ফেরত দেওয়ার সময় ২ হাজার ৪০০ টাকা নেওয়া হলেও কোনো ভাউচার দেওয়া হয়নি।

একই ধরনের অভিযোগ করেছেন শাহ জালাল (র.) ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাহবুব আলম সেলিম। তার অভিযোগ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনের সংশ্লিষ্টতায় অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলের নামে অর্থ নেওয়া হয়েছে।

‘দ্য সেফ মার্ট’-এর স্টিকার নকলের অভিযোগ

অভিযোগ শুধু রিফিলেই সীমাবদ্ধ নয়। স্থানীয় একটি ডিজিটাল প্রিন্টিং প্রতিষ্ঠান থেকে ‘দ্য সেফ মার্ট’-এর স্টিকার নকল করে ছাপানোর অভিযোগও উঠেছে কামরুজ্জামান সুমনের বিরুদ্ধে।

স্থানীয় দুই বাসিন্দার দাবি, তাদের উপস্থিতিতে সুমন ওই স্টিকার ছাপিয়েছেন। এ-সংক্রান্ত একটি প্রিন্ট কপিও তারা প্রতিবেদকের কাছে দিয়েছেন।

অভিযোগ অস্বীকার স্টেশন অফিসারের

তবে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমন।

তিনি বলেন, ‘আমরা রিফিল করার জন্য কোনো প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপক যন্ত্র নিই না। যারা রিফিলের বিষয়ে পরামর্শ চান, তাদের অনুমোদিত প্রতিষ্ঠানের কথা বলে দিই। পরে তারা নিজেরাই সেখানে গিয়ে রিফিল করে আনেন।’

নকল স্টিকার ছাপানোর অভিযোগও অস্বীকার করে তিনি বলেন, ‘আমরা কখনো দুই নম্বরি কাজ করি না।’

তদন্তের আশ্বাস ফায়ার সার্ভিসের

অভিযোগের বিষয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মো. জাকির হোসেন বলেন, ফায়ার সার্ভিসের কর্মকর্তারা সাধারণত অগ্নিনির্বাপক যন্ত্র রিফিলের বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান অনুমোদিত প্রতিষ্ঠানে গিয়ে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করে।

তিনি বলেন, ‘অবৈধভাবে স্টিকার ছাপিয়ে রিফিলের নামে প্রতারণা করা অপরাধ। অভিযোগের তথ্য-প্রমাণ পেলে তদন্ত করে দেখা হবে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও জানানো হবে।’

অগ্নিনির্বাপক যন্ত্র জীবন রক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা সরঞ্জাম। ফলে রিফিলের নামে যন্ত্রের ভেতরের কার্যকর পাউডার পরিবর্তন না করে শুধু স্টিকার লাগানোর অভিযোগ সত্য হলে তা শুধু আর্থিক প্রতারণা নয়, সম্ভাব্য অগ্নিকাণ্ডের সময় মানুষের জীবন ও সম্পদের জন্যও গুরুতর ঝুঁকি তৈরি করতে পারে।