সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]
নেত্রকোনায় ধনু নদে অবৈধ ঘের উচ্ছেদ শুরু: জেলেরা পেলেন দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি

নেত্রকোনায় ধনু নদে অবৈধ ঘের উচ্ছেদ শুরু: জেলেরা পেলেন দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি

 

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা:

 

 

 

হাওরের বুক চিরে বয়ে চলা নেত্রকোনার খালিয়াজুরীর ধনু নদ ফিরে পাচ্ছে তার স্বাভাবিক রূপ ও প্রাণপ্রবাহ। প্রভাবশালী মহলের জবরদখল থেকে নদকে মুক্ত করতে অবশেষে সাঁড়াশি অভিযান শুরু করেছে প্রশাসন। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে নদের বুকে গড়ে ওঠা অবৈধ মাছের ঘের উচ্ছেদ শুরু করেছে উপজেলা প্রশাসন। প্রশাসনের এই পদক্ষেপে স্থানীয় প্রান্তিক জেলে ও নৌযান শ্রমিকদের মাঝে ফিরে এসেছে দীর্ঘ প্রতীক্ষিত স্বস্তি।

গত মঙ্গলবার (২৭ অক্টোবর) থেকে খালিয়াজুরী উপজেলার ধনু নদে থানা-পুলিশের সহযোগিতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করছে উপজেলা প্রশাসন।

উচ্ছেদের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান বলেন, “অবৈধ ঘের উচ্ছেদের কার্যক্রম চলমান রয়েছে। এ পর্যন্ত দুটি ঘের সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে। চলতি নদে কোনো ধরনের অবৈধ ঘের থাকতে দেওয়া হবে না। নৌযান চলাচল যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমাদের এই অভিযান পরিচালিত হচ্ছে।”

তিনি আরও জানান, নদী সম্পূর্ণ ঘেরমুক্ত করার প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ। নদে পুঁতে রাখা বাঁশগুলো অক্ষত অবস্থায় তুলতে না পারলে কেটে ফেলতে হচ্ছে। ঘেরের কাঠামো অপসারণে প্রচুর শ্রম ও সময়ের প্রয়োজন হলেও এই উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ।

দখলে সংকুচিত হয়ে পড়েছিল ধনু নদ

স্থানীয় সূত্রে জানা যায়, খালিয়াজুরীর লেপসিয়া থেকে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট পর্যন্ত ধনু নদের দীর্ঘ জলপথ দীর্ঘদিন ধরে অবৈধ ঘেরমালিকদের দখলে চলে গিয়েছিল। প্রতিবছর হাওরের পানি কমতে শুরু করলেই নদের দুই পাড় থেকে মাঝনদী পর্যন্ত আড়াআড়িভাবে বাঁশ ও জাল দিয়ে সারি সারি ঘের তৈরি করা হতো। সরকারি মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর তোয়াক্কা না করে এক শ্রেণির প্রভাবশালী ব্যক্তি নদের বুকে এভাবেই নিজেদের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন।

এই অবৈধ ঘেরগুলোর কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছিলেন হাওরপাড়ের শত শত প্রান্তিক জেলে। নুরালীপুর গ্রামের রহিছ, রাকিব ও জিলকদ মিয়ার মতো যেসব মানুষের জীবন ও জীবিকা কেবল এই নদের ওপর নির্ভরশীল, তারা পৈতৃক পেশা হারিয়ে মানবেতর জীবনের মুখে পড়েছিলেন। উন্মুক্ত নদে মাছ ধরতে গেলেই তাদের ঘেরমালিকদের বাধা, গঞ্জনা ও শারীরিক নির্যাতনের শিকার হতে হতো।

অন্যদিকে, ধনু নদে স্বাভাবিক নৌ-চলাচলও চরম ঝুঁকির মুখে পড়েছিল। মাঝনদী পর্যন্ত বাঁশের প্রাচীর গড়ে তোলায় পণ্যবাহী বড় বড় বাল্কহেড ও কার্গো চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছিল। ‘এমভি সৌরভ’ নৌযানের সারেং মো. সুলাইমান সওদাগরসহ অন্যান্য চালকরা জানিয়েছেন, ঘেরের পাশ দিয়ে ভারী নৌযান পারাপারের সময় তাদের সবসময় চরম আতঙ্ক ও উৎকণ্ঠায় থাকতে হতো। এছাড়া পরিবেশবাদীদের আশঙ্কা ছিল, নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় দীর্ঘমেয়াদে বড় ধরনের নাব্যতা সংকট তৈরি হতে পারে।

প্রশংসিত প্রশাসনের পদক্ষেপ, প্রত্যাশা স্থায়ী নজরদারির

সামাজিক সংকট, জেলেদের দুর্দশা এবং নৌ-চলাচলের বিপত্তির চিত্র গণমাধ্যমে উঠে আসার পর প্রশাসনের এই ত্বরিত পদক্ষেপ সর্বমহলে প্রশংসিত হয়েছে। প্রশাসনিক কঠোরতার মুখে প্রভাবশালী দখলদাররা পিছু হটতে বাধ্য হওয়ায় সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

তবে স্থানীয় জনগণ ও জেলেদের জোরালো দাবি, এই অভিযান যেন মাঝপথে থেমে না যায়। ধনু নদের প্রতিটি কোণে গড়ে ওঠা সব অবৈধ ঘের সম্পূর্ণ অপসারণ করতে হবে। একই সঙ্গে নৌপথ উন্মুক্ত রাখার পাশাপাশি ভবিষ্যতে কেউ যেন আর কখনো নদীর বুকে এমন অবৈধ ঘের স্থাপন করার সাহস না পায়, সে জন্য নৌ-পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ও কঠোর নজরদারি অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

দীর্ঘদিনের অবরুদ্ধ ধনু নদ এখন সবার জন্য পুরোপুরি উন্মুক্ত হওয়ার অপেক্ষায়। প্রান্তিক জেলের জালে আবারও ধরা দেবে রুপালি মাছ এবং নির্বিঘ্নে চলাচল করবে পণ্যবাহী নৌযান খালিয়াজুরীর সাধারণ মানুষের এখন একটাই প্রত্যাশা, এই চিরচেনা রূপ যেন চিরস্থায়ী হয়।