সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

লোকসানে থাকা সমিতির ‘কল্যাণ তহবিলে’ ৩০ লাখ, ১৮ লাখে পাম্প কেনার দাবি দরপত্র নেই, নেই ভাউচার-চালান; ১৭ লাখ টাকা ঋণের দাবিও নাকচ যুব উন্নয়ন কর্মকর্তার

লোকসানে থাকা সমিতির ‘কল্যাণ তহবিলে’ ৩০ লাখ, ১৮ লাখে পাম্প কেনার দাবি

দরপত্র নেই, নেই ভাউচার-চালান; ১৭ লাখ টাকা ঋণের দাবিও নাকচ যুব উন্নয়ন কর্মকর্তার

 

 

 

সৈয়দ সময়, নেত্রকোনা :

 

 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের ভবানীপুর এলাকায় একই ব্যক্তির নেতৃত্বে পরিচালিত তিনটি সংগঠনের আর্থিক কার্যক্রম ও সাবমার্সিবল পাম্প বিতরণ নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, সদস্যদের কাছ থেকে অর্থ নেওয়া হলেও পাম্প বিতরণে ধীরগতি, নির্ধারিত গভীরতার চেয়ে কম গভীরতায় পাম্প স্থাপন এবং বড় অঙ্কের অর্থ ব্যয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারার।

অভিযোগের আরও গুরুতর দিক হলো, লোকসানে থাকা একটি সমিতির ‘কল্যাণ তহবিলে’ ৩০ লাখ টাকা থাকার দাবি এবং সেখান থেকে ১৮ লাখ টাকা তুলে পাম্প কেনার কথা জানিয়েছেন সংগঠনের দায়িত্বশীল ব্যক্তি। তবে ওই অর্থের উৎস বা উত্তোলনের পক্ষে কোনো নথি দেখাতে পারেননি তিনি। একই সঙ্গে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ১৭ লাখ টাকা ঋণ পাওয়ার যে দাবি করা হয়েছে, তা নাকচ করেছেন সংশ্লিষ্ট উপজেলা কর্মকর্তা।

স্থানীয় সূত্র ও সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, ভবানীপুরের একই কার্যালয় থেকে ‘রামপুর-কুবরীকান্দা যুব উন্নয়ন সমিতি’, ‘কুবরীকান্দা আদর্শ শ্রমজীবী সমবায় সমিতি লিমিটেড’ এবং ‘রামপুর-কুবরীকান্দা যুব উন্নয়ন কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’ নামে তিনটি সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিন সংগঠনের সভাপতি, ভারপ্রাপ্ত সভাপতি কিংবা চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন নজরুল ইসলাম।

সদস্যদের অভিযোগ, ঋণের আশ্বাস দিয়ে অর্থ নেওয়ার পর অনেককে দীর্ঘদিন অপেক্ষায় রাখা হচ্ছে। এমনকি সঞ্চয়ের টাকা ফেরত চাইতেও অনেকে মাসের পর মাস ঘুরছেন। তবে এসব অভিযোগের বিষয়ে নজরুল ইসলামের বক্তব্যও রয়েছে।

পাম্প নিয়ে যত প্রশ্ন

সম্প্রতি সদস্যদের মধ্যে সাবমার্সিবল পাম্প দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। সদস্যদের দেওয়া তথ্য অনুযায়ী, একটি পাম্পের জন্য ১০ হাজার ৫০০ টাকা, ব্যানারের জন্য ৫০০ টাকা এবং আনুষঙ্গিক খরচসহ মোট ১২ হাজার ২২৫ টাকা নেওয়া হচ্ছে।

সদস্যদের বলা হয়েছিল, এই অর্থের বিনিময়ে কাগজপত্রে উল্লেখ করা ৩০০ ফুট গভীরতার সাবমার্সিবল পাম্প স্থাপন করে দেওয়া হবে। কিন্তু কয়েকটি বাড়িতে সরেজমিনে গিয়ে ১৮০ থেকে ২৫০ ফুট গভীরতায় পাম্প স্থাপনের তথ্য পাওয়া গেছে বলে সংশ্লিষ্টরা জানান। ৩০০ ফুট গভীরতার পাম্প পেয়েছেন এমন সদস্যের সংখ্যা তুলনামূলকভাবে কম বলেও অভিযোগ রয়েছে।

খারনৈ ইউনিয়নের বাসিন্দা খোরশেদ আলম বলেন, প্রায় তিন মাস আগে তাঁর নেতৃত্বে ৩০ জন সদস্য প্রত্যেকে ১২ হাজার ২২৫ টাকা করে জমা দেন। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ছয়জন পাম্প পেয়েছেন। বাকিরা কবে পাবেন, সে বিষয়ে তিনি কোনো স্পষ্ট উত্তর পাননি বলে জানান।

দরপত্র নেই, নেই ভাউচার

অভিযোগগুলোর বিষয়ে জানতে নজরুল ইসলামের কার্যালয়ে গিয়ে দীর্ঘ সময় কথা বলা হয়। তিনি জানান, দুটি সংগঠনের মাধ্যমে ৩৬০ জন সদস্যকে সাবমার্সিবল পাম্প দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কতজন পাম্প পেয়েছেন এবং কতজন অপেক্ষায় আছেন এর পূর্ণাঙ্গ তালিকা তিনি দেখাতে পারেননি।

পাম্প কেনার ক্ষেত্রে দরপত্র আহ্বান করা হয়েছিল কি না জানতে চাইলে তিনি বলেন, দরপত্র হয়নি। ছয় সদস্যের একটি কমিটির সিদ্ধান্তে সরাসরি পাম্প কেনা হয়েছে।

তবে লাখ লাখ টাকার পাম্প কেনার ক্ষেত্রে কোনো রশিদ, ভাউচার বা সরবরাহকারীর চালান দেখাতে পারেননি তিনি। অর্থের উৎস সম্পর্কে নজরুল ইসলামের দাবি, সংগঠনগুলোর কল্যাণ তহবিলে ৩০ লাখ টাকা জমা ছিল। সেখান থেকে পাম্প কেনার জন্য ১৮ লাখ টাকা উত্তোলন করা হয়েছে। তবে এ দাবির সমর্থনে তিনি কোনো নথি উপস্থাপন করেননি।

‘লোকসানে থাকা সমিতির কল্যাণ তহবিলে অর্থ থাকার সুযোগ নেই’

কলমাকান্দা উপজেলা সমবায় কর্মকর্তা ফেরদৌস আলম ভূঁইয়া বলেন, আগের অডিটে সংগঠনটিতে লোকসানের তথ্য পাওয়া গেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সমবায় আইনের বিধি অনুসারে কোনো সংগঠন লাভে না থাকলে সেখানে কল্যাণ তহবিলে অর্থ জমা হওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, দরপত্র ছাড়া কেনাকাটা এবং সাধারণ সভার অনুমোদন ছাড়া বড় ধরনের সিদ্ধান্ত নেওয়া নিয়মবহির্ভূত। তথ্যের গরমিল প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

১৭ লাখ টাকা ঋণের দাবিও প্রশ্নে

নজরুল ইসলাম দাবি করেন, তিনি যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ১৭ লাখ টাকা ঋণ পেয়েছেন। তবে কলমাকান্দা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশরাফুল ইসলাম এ দাবি নাকচ করেছেন।

তিনি জানান, যুব উন্নয়ন অধিদপ্তর থেকে এ ধরনের কোনো ঋণ দেওয়া হয় না। তাঁর তথ্য অনুযায়ী, নাজিরপুরে ‘রামপুর-কুবরীকান্দা যুব উন্নয়ন সমিতি’ নামে নিবন্ধন থাকলেও বাস্তবে সংগঠনটির কোনো কার্যক্রম নেই।

সমিতির অর্থ ব্যয়ের নিয়ম কী

নেত্রকোনা জেলা সমবায় কার্যালয়ের সাবেক পরিদর্শক মানজার হোসেন জানান, নিবন্ধিত সমবায় সমিতির যেকোনো কেনাকাটা বা ব্যয়ের আগে বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বাজেট অনুমোদন করতে হয়। অনুমোদিত বাজেটের আওতায় নির্দিষ্ট সীমার ব্যয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট সমবায় কর্মকর্তার অনুমোদন এবং পাঁচ লাখ টাকার বেশি ব্যয়ের ক্ষেত্রে জ্যেষ্ঠ কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন হয় বলে তিনি জানান।

নেত্রকোনা জেলা সমবায় কার্যালয়ের বর্তমান জেলা সমবায় কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুজ্জামান ভূঁইয়া বলেন, বার্ষিক সাধারণ সভা ও ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সমিতিগুলো নিজস্ব অর্থ ব্যয় করতে পারে। তবে সদস্যদের কাছ থেকে টাকা তুলে টিউবওয়েল বা সাবমার্সিবল পাম্প বিতরণের সুযোগ সমবায় সমিতির নীতিমালায় নেই।

তিনি আরও বলেন, আয় না থাকলে সদস্যদের শেয়ার বা সঞ্চয়ের মূলধন ভেঙে এ ধরনের সামাজিক কাজ বা ব্যয় করারও নিয়ম নেই। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফলে ৩০ লাখ টাকার ‘কল্যাণ তহবিলের’ দাবির উৎস, সেখান থেকে ১৮ লাখ টাকা উত্তোলনের নথি, দরপত্র ও ভাউচার ছাড়া পাম্প কেনা এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে কথিত ১৭ লাখ টাকা ঋণের উৎস এসব প্রশ্নের স্পষ্ট উত্তর এখনো মেলেনি। সংশ্লিষ্ট সদস্যরা তাদের জমা দেওয়া অর্থের হিসাব, প্রতিশ্রুত সুবিধা এবং সংগঠনগুলোর আর্থিক কার্যক্রমের স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন।