সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

কার্যকর উদ্যোগ জরুরি নেত্রকোনায় আট মাসে পানিতে ডুবে ৮২ জনের মৃত্যু

কার্যকর উদ্যোগ জরুরি

নেত্রকোনায় আট মাসে পানিতে ডুবে ৮২ জনের মৃত্যু

সৈয়দ সময়, নেত্রকোনা

নেত্রকোনায় চলতি বছরের প্রথম আট মাসে পানিতে ডুবে ৮২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের প্রায় ৯৫ শতাংশই শিশু। তাদের বেশির ভাগের বয়স এক থেকে পাঁচ বছরের মধ্যে। একের পর এক এমন মৃত্যুতে উদ্বেগ বাড়লেও দুর্ঘটনা প্রতিরোধে তৃণমূল পর্যায়ে কার্যকর ও টেকসই উদ্যোগের ঘাটতি রয়েছে বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন মহল।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত পানিতে ডুবে ৮২ জনের মৃত্যু হয়েছে। মাসভিত্তিক হিসাবে জানুয়ারিতে ৩ জন, ফেব্রুয়ারিতে কেউ মারা যায়নি, মার্চে ৪, এপ্রিলে ৬, মে মাসে ১৫, জুনে ২৭, জুলাইয়ে ৯ এবং আগস্টে ১৮ জনের মৃত্যু হয়েছে। বর্ষাকালে জুন মাসেই সর্বোচ্চ ২৭ জনের মৃত্যু হয়েছে। জেলার ১০ উপজেলার মধ্যে কলমাকান্দায় মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি।

নেত্রকোনা নদী, নালা, খাল, বিল, পুকুর, ডোবা ও হাওরবেষ্টিত জেলা। জেলার গ্রামীণ জনপদের অনেক বাড়ির উঠান পেরোলেই রয়েছে কোনো না কোনো জলাশয়। বর্ষাকালে এসব জলাশয় পানিতে পূর্ণ হয়ে ওঠে। ফলে বাড়ির আশপাশেই শিশুদের জন্য তৈরি হয় ঝুঁকিপূর্ণ পরিবেশ।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অধিকাংশ দুর্ঘটনার সময় পরিবারের প্রাপ্তবয়স্ক সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত থাকেন। বাবারা কৃষিকাজ বা জীবিকার কাজে বাইরে থাকেন, আর মায়েরা রান্নাবান্না ও গৃহস্থালির কাজে ব্যস্ত থাকেন। এ সুযোগে শিশুরা বাড়ির আশপাশে খেলতে গিয়ে কখনো পুকুর, ডোবা কিংবা খালে পড়ে যায়। অল্প সময়ের মধ্যেই ঘটে যায় মর্মান্তিক পরিণতি।

সচেতনতা তৈরির পাশাপাশি শিশুদের সাঁতার শেখানোর ওপর জোর দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে শুধু সাঁতার শেখানোই যথেষ্ট নয়। বিশেষজ্ঞদের মতে, এ বয়সে শিশুদের সার্বক্ষণিক নজরদারি, বাড়ির আশপাশের জলাশয়ে নিরাপত্তাব্যবস্থা এবং অভিভাবকদের সচেতনতাই বেশি গুরুত্বপূর্ণ।

নেত্রকোনা জনউদ্যোগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী বলেন, বর্ষাকালে নেত্রকোনার গ্রামগুলো পানিতে থইথই করে। গ্রামে শিশুদের দেখভালের জন্য আলাদা কেউ থাকেন না। মায়েদের একদিকে সন্তান সামলাতে হয়, অন্যদিকে সংসারের কাজ করতে হয়। বাবারাও জীবিকার তাগিদে বাইরে থাকেন। ফলে অল্প সময়ের অসতর্কতায় শিশুরা পানিতে পড়ে যাচ্ছে।

তিনি বলেন, ‘এ ধরনের মৃত্যু রোধে গ্রামে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম চালাতে হবে। পাশাপাশি শিশু দিবাযত্ন কেন্দ্র গড়ে তোলা এবং পুকুর-ডোবার চারপাশে বাঁশের নেট বা খুঁটি দিয়ে ঘের দেওয়ার মতো স্থানীয়ভাবে বাস্তবসম্মত ব্যবস্থা নিতে হবে।’

শিশুদের সাঁতার শেখানোর বিভিন্ন প্রকল্পের কথা মাঝেমধ্যে শোনা গেলেও এসব কার্যক্রমের ধারাবাহিকতা ও বাস্তব প্রভাব নিয়ে প্রশ্ন রয়েছে বলে স্থানীয়দের অভিযোগ। তাঁদের কেউ কেউ অভিযোগ করেন, প্রকল্প গ্রহণের পর মাঠপর্যায়ে যথাযথ বাস্তবায়ন না হওয়ায় প্রত্যাশিত সুফল মিলছে না। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট প্রকল্প বা সংস্থার বক্তব্য জানা যায়নি।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, পানিতে ডুবে শিশুদের মৃত্যু রোধে প্রতিটি উপজেলায় জনসচেতনতামূলক কার্যক্রম নেওয়া হয়েছে। জেলা পর্যায়ে এ বিষয়ে মতবিনিময় সভাও হয়েছে। সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সভা করে সচেতনতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, শিশুদের সাঁতার শেখানোর জন্য স্থানীয় পুকুরগুলোকে কাজে লাগানোর পরিকল্পনা রয়েছে।

পরিসংখ্যান বলছে, পানিতে ডুবে মৃত্যু নেত্রকোনায় বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়; বরং এটি প্রতিবছর বর্ষাকালে আরও প্রকট হয়ে ওঠা একটি জনস্বাস্থ্য ও নিরাপত্তাজনিত সমস্যা। বিশেষ করে এক থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মৃত্যু কমাতে শুধু মৌসুমি প্রচার নয়, বছরজুড়ে পরিবার ও সম্প্রদায়ভিত্তিক সচেতনতা, নিরাপদ জলাশয় ব্যবস্থাপনা, শিশুদের সাঁতার ও পানিনিরাপত্তা শিক্ষা এবং স্থানীয় পর্যায়ে নজরদারি জরুরি।

একটি শিশুর পানিতে ডুবে মৃত্যু শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতি নয়; এটি একটি সম্ভাবনাময় জীবনের অকাল সমাপ্তি। তাই মৃত্যুর পর কারণ খোঁজার চেয়ে দুর্ঘটনার আগেই ঝুঁকি চিহ্নিত করে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াই এখন নেত্রকোনার জন্য সবচেয়ে বড় প্রয়োজন।