সর্বশেষ
[ দৈহারীতে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ লাবলু হাওলাদার, মাঠে নেমেছেন নেতাকর্মীরা* ] [ দিগনগর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ] [ কোটালীপাড়ায় অবৈধ বালু উত্তোলন, ড্রেজার মালিক কে ৫০ হাজার টাকা জরিমানা ] [ মুকসুদপুরের মুচনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম শুরু ] [ গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইন্ড্রাষ্টি-একাডেমিয়া কোলারেবেশন কনফারেন্স : ] [ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ]

১১ শিক্ষক নেই, ৪১৩ শিক্ষার্থীর পাঠদান চলছে ১০ জনে

১১ শিক্ষক নেই, ৪১৩ শিক্ষার্থীর পাঠদান চলছে ১০ জনে

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

 

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার খালুয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে ১১টি শিক্ষকের পদ শূন্য রয়েছে। বর্তমানে মাত্র ১০ জন শিক্ষক দিয়ে ৪১৩ জন শিক্ষার্থীর পাঠদান চালাতে হচ্ছে। শিক্ষকসংকটের পাশাপাশি পর্যাপ্ত শ্রেণিকক্ষ, ওয়াশব্লক ও যাতায়াতের উপযোগী সড়ক না থাকায় প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রম ও স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ১৯৮৪ সালে এমপিওভুক্ত হয়। বর্তমানে মাদ্রাসাটিতে ৪১৩ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। শিক্ষক রয়েছেন ১০ জন। অফিস সহকারীসহ অন্যান্য পদে কর্মরত আছেন আরও পাঁচজন। তবে শিক্ষকের ১১টি পদ দীর্ঘদিন ধরে শূন্য।

শিক্ষকসংকটের কারণে কর্মরত শিক্ষকদের অতিরিক্ত দায়িত্ব নিয়ে পাঠদান পরিচালনা করতে হচ্ছে। ফলে নিয়মিত শ্রেণি কার্যক্রম পরিচালনায় সমস্যার পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনাতেও এর প্রভাব পড়ছে বলে জানিয়েছেন মাদ্রাসা-সংশ্লিষ্টরা।

শিক্ষকসংকটের সঙ্গে অবকাঠামোগত সমস্যাও রয়েছে প্রতিষ্ঠানটিতে। পর্যাপ্ত শ্রেণিকক্ষ না থাকায় কয়েকটি টিনশেড ঘরে পাঠদান করতে হচ্ছে। মাদ্রাসার একটি পুরোনো ও জরাজীর্ণ একতলা ভবনও রয়েছে। ৪১৩ জন শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত পানি ও স্যানিটেশন সুবিধা নেই। প্রয়োজনীয় ওয়াশব্লকের অভাবে শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ ছাড়া মাদ্রাসায় যাতায়াতের ক্ষেত্রেও রয়েছে ভোগান্তি। পাকা সড়ক থেকে প্রতিষ্ঠানটি পর্যন্ত রাস্তাটি এখনো কাঁচা। বর্ষাকালে রাস্তায় কাদা জমে চলাচল কঠিন হয়ে পড়ে। এতে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ে।

মাদ্রাসা-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে দ্রুত শূন্য পদগুলোতে শিক্ষক নিয়োগ দেওয়া প্রয়োজন। একই সঙ্গে নিরাপদ ও পর্যাপ্ত শ্রেণিকক্ষ নির্মাণ, ওয়াশব্লক স্থাপন এবং যাতায়াতের সড়কটি উন্নত করা জরুরি।

খালুয়া দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মোহাম্মদ আবদুল হেলিম বলেন, ‘শিক্ষকসংকটের কারণে পাঠদান পরিচালনায় সমস্যা হচ্ছে। দ্রুত শূন্য পদে শিক্ষক নিয়োগ এবং মাদ্রাসার অবকাঠামোগত উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে শিক্ষার্থীরা উপকৃত হবে।’

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবির আহাম্মাদ বলেন, কোনো প্রতিষ্ঠানে শূন্য পদ থাকলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হয়। মাদ্রাসা কর্তৃপক্ষ বিষয়টি জানিয়েছে কি না, তা তাঁর জানা নেই। তাঁর ভাষ্য, মাদ্রাসাটি সংশ্লিষ্ট অধিদপ্তরের মাধ্যমে পরিচালিত হয়।