সর্বশেষ
[ টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ, ককটেল রিস্ফোরণ   গোপালগঞ্জে ৪৫৩ নেতা কর্মীর বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা : ] [ মতলব উত্তরে ৩৪ বিদ্যালয়ের ২৮০ কাব সদস্য নিয়ে ৫ম কাব ক্যাম্পুরী শুরু ] [ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ]

ক্ষমতার দম্ভের সামনে মূর্ত প্রতীক: পিএসসি সদস্য হলেন প্রতিবাদী সেই অধ্যাপক ড. শামীমা সুলতানা

ক্ষমতার দম্ভের সামনে মূর্ত প্রতীক: পিএসসি সদস্য হলেন প্রতিবাদী সেই অধ্যাপক ড. শামীমা সুলতানা

 

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা :

 

 

সময় কখনো কখনো এমন কিছু দৃশ্যপট তৈরি করে, যা সাহসের অমর দলিল হয়ে ইতিহাসের ক্যানভাসে ঠাঁই নেয়। ক্ষমতার রক্তচক্ষু ও দম্ভের সামনে মাথা নত না করার এমনই এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) বাংলা বিভাগের অধ্যাপক ড. শামীমা সুলতানা। ২০২৪ সালের নবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উত্তাল দিনে নিজ বিভাগের দেয়াল থেকে তৎকালীন প্রধানমন্ত্রীর ছবি নামিয়ে নেওয়ার সেই সাহসী প্রতিবাদী নারী এখন রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে আসীন হয়েছেন।

প্রতিবাদের সেই অগ্নিঝরা দিন

ঘটনাটি খুব বেশি দিন আগের নয়। ২০২৪ সালের ১ আগস্ট। চারদিকে তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তীব্র ঢেউ আর থমথমে আতঙ্কজনক পরিবেশ। ঠিক সেই সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবি মুহূর্তেই নাড়া দিয়েছিল লাখো মানুষের বিবেক। ছবিতে দেখা যায়, ড. শামীমা সুলতানা তার বিভাগীয় কার্যালয়ের দেয়াল থেকে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি নিজের হাতে সরিয়ে ফেলছেন। ক্ষমতার অন্ধ আস্ফালনের বিরুদ্ধে একজন শিক্ষকের সেই নীরব অথচ বলিষ্ঠ প্রতিবাদ সেদিন দেশজুড়ে আলোড়ন তোলে।

অবশ্য এই দুঃসাহসের মাশুলও তাকে তৎক্ষণাৎ গুনতে হয়। তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসন তাকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় চরম ঝুঁকির মুখে পড়েছিল তার বর্ণাঢ্য পেশাগত জীবন। তবে ইতিহাস তার নিজস্ব গতিতেই চলে। মাত্র চার দিন পর, ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তন ঘটলে সেই প্রশাসন নিজেদের সিদ্ধান্ত বাতিল করতে বাধ্য হয়।

শেকড়সন্ধানী ও আপসহীন উত্তরাধিকার

ড. শামীমা সুলতানার এই আপসহীন সত্তা হঠাৎ তৈরি হয়নি; এটি তার পারিবারিক ঐতিহ্যেরই প্রতিফলন। তিনি নেত্রকোনার পূর্বধলা ডিগ্রি কলেজের (বর্তমানে সরকারি কলেজ) প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, মরহুম প্রিন্সিপাল সিরাজুল ইসলামের জ্যেষ্ঠ সন্তান। তার বাবা কেবল একজন শিক্ষানুরাগীই ছিলেন না, তিনি পূর্বধলা ও ধোবাউড়া আসন থেকে দুইবার সংসদ সদস্য এবং পূর্বধলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেন। পিতার সেই জনকল্যাণমুখী ও সততার আদর্শই যেন কন্যার রক্তে প্রবাহিত।

শিক্ষকতা ও গবেষণার বর্ণাঢ্য ক্যারিয়ার

শুধু প্রতিবাদের মুখ হিসেবেই নয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে দীর্ঘকাল ধরে নীরব জ্ঞানবিতরণে যুক্ত রয়েছেন ড. শামীমা। ২০২২ সালের ৩০ জানুয়ারি থেকে তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে বাংলা বিভাগের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরিচালকের দায়িত্বেও তিনি সফলতার পরিচয় দিয়েছেন।

শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে মধ্যযুগীয় ও আধুনিক বাংলা সাহিত্য নিয়ে তার গবেষণার পরিধি বেশ বিস্তৃত। মঙ্গলকাব্য, চৌতিশা কিংবা ছোটগল্প নিয়ে তার কাজ বোদ্ধামহলে প্রশংসিত হয়েছে। অমর মিত্র, অতীন বন্দ্যোপাধ্যায়, জগদীশ গুপ্ত এবং মানিক বন্দ্যোপাধ্যায়ের মতো দিকপাল সাহিত্যিকদের কর্মের ওপর তার একাধিক গবেষণা প্রকল্প বাংলা সাহিত্যভাণ্ডারকে সমৃদ্ধ করেছে।

পিএসসিতে নতুন আশার সঞ্চার

শিক্ষকতা, গবেষণা ও অন্যায়ের বিরুদ্ধে আপসহীন অবস্থানের এই দীর্ঘ পথপরিক্রমার স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তাকে পিএসসির সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। গত রবিবার (২৫ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে রাষ্ট্রপতি কর্তৃক সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে এই নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী ৫ বছর বা তার বয়স ৬৫ বছর পূর্ণ হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্বে বহাল থাকবেন।

পিএসসি’র মতো একটি সংবেদনশীল ও মেধা যাচাইয়ের সর্বোচ্চ প্রতিষ্ঠানে ড. শামীমা সুলতানার মতো একজন সৎ, শেকড়সন্ধানী ও সাহসী শিক্ষাবিদের অন্তর্ভুক্তি চাকরিপ্রার্থী তরুণ ও সচেতন মহলে নতুন আশার সঞ্চার করেছে। সুধীজনের প্রত্যাশা, যিনি নিজের আদর্শের প্রশ্নে ক্ষমতার সামনেও মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেন, তিনি রাষ্ট্রের মেধা মূল্যায়নেও সততা ও ন্যায্যতার এক নতুন মানদণ্ড স্থাপন করবেন।