সর্বশেষ
[ আওয়ামী লীগ ৭ নভেম্বরের সরকারি ছুটি বন্ধ করে দিয়েছিল: জাহাঙ্গীর আলম প্রধান ] [ বীনাপাণি যাত্রাপার্টি গোপালগঞ্জ পৌরকমিটি কতৃক আনন্দ ভ্রমন ও প্রীতি ভোজ ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ Install Dimo Video Converter Ultimate Cracked for Windows PC ] [ Crimson Desert Deluxe Edition GOG Release for PC ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ মুকসুদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ] [ সমবায়ভিত্তিক অর্থনীতিই দেশের অগ্রগতির মূল চাবিকাঠি: নেত্রকোনায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত ] [ নেত্রকোনায় হেযবুত তওহীদের নারী সম্মেলন অনুষ্ঠিত: প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারী মুক্তির একমাত্র উপায় ] [ সারাদেশে সাংবাদিক ভাইদের প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ] [ গোবিপ্রবির প্রশাসনিক পদে বিএনপিপন্থীদের চান এমপি বাবর, তালিকা চাইলেন ছাত্রদলের কাছে : ] [ ১৭ টি বছর ফ্যাসিস্ট হাসিনা ৭ই নভেম্বর কে মুছে দিতে চেয়েছিল – জাহাঙ্গীর আলম প্রধান  ]

নেত্রকোনায় ধনু নদে প্রভাবশালী মহলের অবৈধ ঘের: বিপন্ন জেলেজীবন, ঝুঁকিতে নৌ-চলাচল

নেত্রকোনায় ধনু নদে প্রভাবশালী মহলের অবৈধ ঘের: বিপন্ন জেলেজীবন, ঝুঁকিতে নৌ-চলাচল

 

 

সৈয়দ সময় , নেত্রকোনা:

 

 

 

নদের বুক জুড়ে বাঁশ-জালের সাম্রাজ্য, উন্মুক্ত জলাশয়ে নামতেও বাধা

মাছ ধরতে গেলে প্রান্তিক জেলেদের ওপর নির্যাতন ও প্রাণনাশের হুমকি

নৌ-পুলিশের বিরুদ্ধে ঘের থেকে মাছ নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

হাওরের বুক থেকে পানি নামতে শুরু করলেই রূপ বদলায় নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ওপর দিয়ে বয়ে চলা প্রবহমান ধনু নদ। তবে এই রূপ প্রকৃতির কোনো আশীর্বাদ নয়, বরং প্রভাবশালী মহলের দখলদারির নিষ্ঠুর বহিঃপ্রকাশ। নদের বিস্তীর্ণ এলাকাজুড়ে বাঁশ ও জালের বিশাল দেয়াল তুলে গড়ে তোলা হয়েছে সারি সারি অবৈধ মাছের ঘের। নদের দুই পাড় থেকে একেবারে মাঝনদী পর্যন্ত বিস্তৃত এসব ঘেরের কারণে একদিকে যেমন থমকে যাচ্ছে পণ্যবাহী নৌযান, অন্যদিকে পৈতৃক পেশা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন শত শত প্রান্তিক জেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, খালিয়াজুরীর লেপসিয়া থেকে গাজীপুর ইউনিয়নের পাঁচহাট পর্যন্ত ধনু নদের দীর্ঘ জলপথ এখন অনেকটাই অবৈধ ঘেরমালিকদের দখলে। স্থানীয় জেলেদের কাছে এই নদ শুধু জলের আধার নয়, বেঁচে থাকার একমাত্র সম্বল। অথচ সেই জলেই এখন তাদের নামতে দেওয়া হচ্ছে না।

নুরালীপুর গ্রামের জেলে রহিছ, রাকিব , রতন ও জিলকদ মিয়ারা ক্ষোভ ও হতাশা প্রকাশ করে জানান, বর্ষা মৌসুমে হাওরে মাছ ধরতে গিয়ে ইজারাদারদের বাধার মুখে পড়তে হয়েছিল তাদের। ভেবেছিলেন, পানি কমলে অন্তত নদে মাছ ধরে সংসার চালাবেন। কিন্তু সেখানেও রয়েছে অলিখিত নিষেধাজ্ঞা। ঘেরের আশপাশে মাছ ধরতে গেলেই তেড়ে আসছেন মালিকরা, জুটছে শারীরিক নির্যাতনও।

খালিয়াজুরী সদরের এক জেলের কণ্ঠে ঝরে পড়ে পুরো জেলেপল্লির হাহাকার। দীর্ঘশ্বাস ছেড়ে তিনি বলেন, “আমরা গরিব মানুষ। নদীতে মাছ ধরে কোনোমতে সংসার চালাই। এখন নদীতেও যদি মাছ ধরতে না দেয়, পরিবার-পরিজন নিয়ে বাঁচব কীভাবে? আমাদের কথা শোনার যেন কেউ নেই!”

জেলেদের অভিযোগ, ক্ষমতার পালাবদলের সঙ্গে সঙ্গে নদের দখলদারদের মুখ বদলালেও আধিপত্যের চিত্রটি একই থাকে। প্রভাবশালীরা নদের বুকে নতুন করে সাম্রাজ্য গড়ে তোলেন, আর বঞ্চিত হন প্রকৃত জেলেরা।

ঝুঁকিতে নৌ-চলাচল ও পরিবেশ বিপর্যয়

শুধু জীবিকাই নয়, জালের এই ঘেরাটোপে চরম ঝুঁকির মুখে পড়েছে ধনু নদের নৌ-চলাচল। নদীপথে বাল্কহেড, কার্গোসহ বড় বড় পণ্যবাহী নৌযান প্রতিনিয়ত চলাচল করে। ঘেরের অবকাঠামো মাঝনদী পর্যন্ত চলে আসায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

নদীপথে চলাচলকারী ‘এমভি সৌরভ’ নৌযানের সারেং মো. সুলাইমান সওদাগর বলেন, “নদীর দুই পাড় থেকে ঘেরের বেড়া যেভাবে মাঝনদী পর্যন্ত চলে এসেছে, তাতে আমাদের নৌযান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। বিশেষ করে পণ্যবোঝাই ভারী নৌযান নিয়ে পার হওয়ার সময় চরম আতঙ্কে থাকতে হয়।”

পরিবেশবাদীদের মতে, এটি কেবল নৌ-চলাচলের সংকট নয়, পরিবেশেরও এক বড় বিপর্যয়। আসদপুর গ্রামের বাসিন্দা মো. তোফাজ্জল বলেন, “অবৈধভাবে নদের বুকে এভাবে কাঠামো তোলায় নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এতে নদের নাব্যতা ও পরিবেশ দীর্ঘমেয়াদে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।” লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ঠিক সামনেই দিনের বেলায় কীভাবে এসব ঘের গড়ে উঠছে, তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন তিনি।

আইনের তোয়াক্কা নেই, দায়সারা বক্তব্য প্রশাসনের

সরকারি কোনো অনুমতির তোয়াক্কা না করে নদের বুকে কীভাবে ঘের দেওয়া হলো এমন প্রশ্নে আসদপুর গ্রামের ঘেরমালিক হোসেন মিয়া অবলীলায় বলেন, “নিজের ইচ্ছাতেই দিয়েছি। আমার মতো আরও অনেকেই তো দেয়, তাই আমিও দিয়েছি।” ঘের পরিচালনায় প্রশাসনকে ম্যানেজ করার বিষয়ে তিনি দাবি করেন, মাছ ধরার সময় নৌ-পুলিশের লোকজন এসে মাছ নিয়ে যায় এবং তারা স্বেচ্ছেই সেই মাছ তাদের দেন।

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ এবং বিধিমালা, ১৯৮৫-এর বিধি ৪ অনুযায়ী, নির্দিষ্ট ব্যতিক্রম ছাড়া নদ-নদী, খাল বা বিলে আড়াআড়ি বাঁধ নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ।

তবে এ বিষয়ে লেপসিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ জগত জ্যোতি চৌধুরী বলেন, “বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় এদিকে নজর দেওয়া সম্ভব হয়নি। তবে অচিরেই এসব ঘেরের বিরুদ্ধে দ্রুত অভিযান পরিচালনা করা হবে।” ঘেরমালিকদের কাছ থেকে মাছ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “এ ধরনের কোনো অভিযোগ থাকলে আপনারা নিউজ করে দেন।”

অন্যদিকে, খালিয়াজুরী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান জানান, বিষয়টি তার নজরে এসেছে। তিনি বলেন, “নদীর গতিপথ অনেক সময় পরিবর্তিত হয়। ঘেরের জায়গাগুলো জলমহালের অংশ কি না, তা যাচাই-বাছাই করা হচ্ছে। লেপসিয়া থেকে পাঁচহাট পর্যন্ত অবৈধ ঘেরগুলোর সত্যতা পেলেই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।”

প্রশাসনের এই আশ্বাস যেন কেবল আশ্বাসের বৃত্তেই আটকে না থাকে, সেটাই এখন স্থানীয়দের প্রত্যাশা। ধনু নদের প্রবাহকে বাঁধামুক্ত করতে এবং শত শত জেলের মুখের হাসি ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দ্রুত পদক্ষেপই পারে এই সংকটের স্থায়ী সমাধান করতে।