সর্বশেষ
[ 9seauubt ] [ সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, অভিযুক্ত আতিকুলের বিরুদ্ধে তদন্তের দাবি ] [ শুধু ভালো ফল নয়, মানবিক মানুষ হয়ে ওঠাই প্রকৃত সাফল্য’ নেত্রকোণা সরকারি কলেজে মেধাবী ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ] [ হামলা-অগ্নিসংযোগের ক্ষত কাটেনি, এখনও বন্ধ গোপালগঞ্জে দুই থানার কার্যক্রম ] [ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ] [ WinX MediaTrans Keygen for Windows 10 x64 Multilingual 2027 ] [ মানুষের বিপদে পাশে দাঁড়ান রথীন্দ্রনাথ দত্ত, মানবিকতায় জয় করছেন সবার হৃদয় ] [ Alien Skin Blow Up Activated Full Edition (2026) ] [ পিরোজপুরে ঢাকাগামী ৪ পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ : ] [ ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার ফুরুন মিয়া খাঁর ] [ স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন : ] [ পাকা আমন ও শীতের সবজিতে অসময়ের বৃষ্টির থাবা, দুশ্চিন্তায় কেন্দুয়ার চাষিরা ]
পাকা আমন ও শীতের সবজিতে অসময়ের বৃষ্টির থাবা, দুশ্চিন্তায় কেন্দুয়ার চাষিরা

পাকা আমন ও শীতের সবজিতে অসময়ের বৃষ্টির থাবা, দুশ্চিন্তায় কেন্দুয়ার চাষিরা

 

 

 

 

সৈয়দ সময় ,নেত্রকোনা:

 

 

মৌসুমজুড়ে অনুকূল আবহাওয়া ও কৃষকের নিরলস পরিশ্রমে এবার লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে আমন আবাদ। মাঠজুড়ে দোল খাচ্ছে সোনালি ফসল; আর কয়েক দিন পরই তা গোলায় ওঠার কথা। কিন্তু ভরা কাটার মৌসুমে হঠাৎ নেমে আসা অসময়ের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি সেই স্বস্তি কেড়ে নিয়েছে। ফসল ঘরে তোলার ঠিক আগমুহূর্তে এমন বৈরী আবহাওয়ায় বড় ধরনের ক্ষতির আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার হাজারো কৃষক।

উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, পাকা ধান কাটা ও মাড়াইয়ের ব্যস্ত সময়ে চাষিদের চোখেমুখে এখন দুশ্চিন্তার ছাপ। কোথাও চলছে ধান কাটা-মাড়াই, আবার কোথাও হারভেস্টার মেশিনের অপেক্ষায় পড়ে আছে পাকা ধানের জমি। এরই মধ্যে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হওয়ায় শঙ্কিত হয়ে উঠেছেন তাঁরা। বৃষ্টি দীর্ঘায়িত হলে ফসলের বড় ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

উপজেলা কৃষি অফিসের তথ্য অনুযায়ী, চলতি মৌসুমে কেন্দুয়ায় ২০ হাজার ৩৪০ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে কৃষকদের আগ্রহে আবাদ হয়েছে ২০ হাজার ৩৪৫ হেক্টর জমিতে যা লক্ষ্যমাত্রার চেয়ে ৫ হেক্টর বেশি। এর মধ্যে উফশী জাতের ১৮ হাজার ২৭৫ হেক্টর, হাইব্রিড এক হাজার ৮৫০ হেক্টর এবং স্থানীয় জাতের ২২০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে।

উৎপাদনের ধাপ পেরিয়ে এখন ফসল নিরাপদে গোলায় তোলাই কৃষকদের মূল চ্যালেঞ্জ। আর ঠিক এই পর্যায়েই বাধা হয়ে দাঁড়িয়েছে অসময়ের বৃষ্টি। সারা বছরের ভরণপোষণ ও গ্রামীণ অর্থনীতির বড় একটি অংশ এই মৌসুমের ফসলের ওপর নির্ভরশীল হওয়ায় শেষ সময়ের বৈরিতা কৃষকদের জন্য বাড়তি চাপ তৈরি করেছে।

ছিলিমপুর গ্রামের কৃষক জুয়েল মিয়া বলেন, ‘পুরো মৌসুম আবহাওয়া ভালো ছিল, ধানও ভালো হয়েছে। কিন্তু কাটার ঠিক আগে বৃষ্টি শুরু হওয়ায় সব হিসাব ওলটপালট হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এক মৌসুমের ফসলের ওপর নির্ভরশীল মানুষের জন্য শেষ সময়ের সামান্য ক্ষতিও বড় হয়ে দাঁড়ায়।’

চাষিরা জানান, পাকা ধান মাঠে থাকা অবস্থায় বৃষ্টি নামলে বহুমুখী ক্ষতির মুখে পড়তে হয়। বৃষ্টির ঝাপটায় ভারী শীষ নুয়ে পড়ে জমিতেই ধান ঝরে যাওয়ার ঝুঁকি থাকে। পাশাপাশি জমিতে পানি ও কাদা জমলে কাটার কাজ ব্যাহত হয়; আর কাটা ধান ভিজে গেলে তা শুকানো নিয়ে নতুন ভোগান্তি তৈরি হয়।

অসময়ের এই বৃষ্টির প্রভাব পড়েছে শীতকালীন সবজিখেতেও। কৃষকদের ভাষ্য, টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে মাঠের শাকসবজি ক্ষতিগ্রস্ত হচ্ছে। খেতের ভেতর জলাবদ্ধতা তৈরি হলে সবজিগাছের গোড়া পচে যাওয়ার আশঙ্কা থাকে। ফলে আমন ধানের পাশাপাশি শীতকালীন সবজির উৎপাদন নিয়েও দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

এমন পরিস্থিতিতে কৃষকদের করণীয় নিয়ে পরামর্শ দিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। কেন্দুয়া উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা বলেন, ‘বৃষ্টি থামার সঙ্গে সঙ্গেই মাঠের পাকা ধান দ্রুত কেটে নিরাপদে শুকানোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে যেসব জমিতে পানি জমেছে, ফসল বাঁচাতে সেখান থেকে দ্রুত পানি নিষ্কাশনের উদ্যোগ নেওয়া জরুরি।’

লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে ফলানো ২০ হাজার ৩৪৫ হেক্টর আমনের কতটা নিরাপদে ঘরে তোলা যাবে, তা এখন অনেকটাই নির্ভর করছে আগামী কয়েক দিনের আবহাওয়ার ওপর। দ্রুত আকাশ পরিষ্কার হয়ে রোদ উঠলেই কেবল স্বস্তি ফিরবে কেন্দুয়ার কৃষকদের উঠোনে।