মতলব উত্তরে কঠোর নিরাপত্তায় শুরু হয়েছে এসএসসি পরীক্ষা
মোঃ মাহফুজ আলম , মতলব উত্তর (চাঁদপুর):
সারা দেশের ন্যায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়ও শুরু হয়েছে ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলার বিভিন্ন কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপনসহ নকল প্রতিরোধে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা।
পরীক্ষার্থীরা কেন্দ্র প্রবেশের সময় জানান, “আজ থেকে আমাদের পরীক্ষা শুরু হয়েছে। তবে এ বছর পরীক্ষা অনেক কঠোরভাবে নেওয়া হচ্ছে। সিসি ক্যামেরা থাকায় কেউ কোনো সহায়তা চাইতেও পারবে না।”
মতলব উত্তর উপজেলার ছেংগারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনি বলেন,
“মতলব উত্তরে এ বছর মোট এসএসসি পরীক্ষার্থী ২৭৩৩ জন। এছাড়া দাখিলে ৪৭৪ জন এবং ভোকেশনালে ২৩৪ জন অংশ নিচ্ছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আমরা পূর্ব থেকেই বিভিন্ন প্রস্তুতি নিয়েছি।”
তিনি আরও জানান, “ছেংগারচর কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ৩৭০ জন, যার মধ্যে অনুপস্থিত ১ জন। প্রতিটি পরীক্ষাকক্ষে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। কেন্দ্র সচিব, হল সুপারসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আগেই সমন্বয় সভা করা হয়েছে। আশা করছি, সম্পূর্ণ নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।”
মোঃ মাহফুজ আলম , মতলব উত্তর (চাঁদপুর): 


















