আলমডাঙ্গায় ড্রাম ট্রাকের চাপায় মাছ ব্যবসায়ীর মৃত্যু, চালক আহত
চুয়াডাঙ্গায় প্রতিনিধি:-
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় দ্রুতগতির ড্রাম ট্রাকের ধাক্কায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় মাছবোঝাই আলমসাধুর চালক আহত হন।
মঙ্গলবার (সকাল সাড়ে ৬টার দিকে) উপজেলার জেহালা ইউনিয়নের চুয়াডাঙ্গা–আলমডাঙ্গা সড়কের মাধবীতলা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাগানমাঠ গ্রামের বাসিন্দা শামসুল হক ফরাজীর ছেলে মোহাম্মদ আলী ফরাজী (৪২)। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, মহেশপুর থেকে মাছ বিক্রির উদ্দেশ্যে আলমডাঙ্গার দিকে যাওয়ার পথে মাছবোঝাই আলমসাধুটিকে পেছন থেকে একটি ১০ চাকার ড্রাম ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে আলমসাধু উল্টে গেলে মোহাম্মদ আলী সড়কে ছিটকে পড়েন। ঠিক সেই সময় ট্রাকটি তার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত পালিয়ে যায়।
এ সময় আলমসাধুর চালক জহুরুল ইসলাম ওরফে ফকির (৩৫) গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেন। চিকিৎসা শেষে তিনি বর্তমানে আশঙ্কামুক্ত বলে জানা গেছে।
দুর্ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা সড়কে চলাচলরত কয়েকটি ড্রাম ট্রাক সাময়িকভাবে আটক করেন। খবর পেয়ে মুন্সিগঞ্জ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং যান চলাচল স্বাভাবিক করেন।
পরে মুন্সিগঞ্জ ফাঁড়ির পুলিশ সদস্যরা নিহত ব্যক্তিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠান। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. সাপরা খাতুন জানান, সকাল আনুমানিক ১০টার দিকে নিহত ব্যক্তির মরদেহ হাসপাতালে আনা হলে পরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। বিষয়টি আইনানুগ ব্যবস্থার জন্য পুলিশকে জানানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মুস্তাফিজুর রহমান বলেন, দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
আব্দুল্লাহ আল মামুন
চুয়াডাঙ্গা
০১৯৪৬-১২৬৩৩১
Reporter Name 























