শিরোনাম:
মতলব উত্তরে মাদকবিরোধী পথসভা ও র্যালি অনুষ্ঠিত
উপ-শিরোনাম:
“নিরাপত্তার ভয়ে তথ্য দিতে না পারলে আমাকে জানান”—ড. জালাল উদ্দীন
মোঃ মাহফুজ আলম, মতলব উত্তর:
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচরে উপজেলা প্রশাসনের উদ্যোগে মাদকবিরোধী পথসভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় ছেংগারচর স্কুল মাঠে এ পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে ড. জালাল উদ্দীন বলেন, “আমার নির্বাচনী ইশতেহার ছিল মাদকের বিরুদ্ধে নির্মূল অভিযান। মাদককে ‘না’ বলুন এবং যারা মাদক সেবন করে তাদের সম্পর্কে তথ্য দিন।”
তিনি আরও বলেন, “যদি কেউ পুলিশকে তথ্য দিতে নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। তাতেও সমস্যা হলে উপজেলা পরিষদের সামনে স্থাপিত মাদকবিরোধী অভিযোগ বক্সে লিখিতভাবে অভিযোগ দিন।”
তিনি মাদককে পরিবার, সমাজ ও জাতির জন্য ভয়াবহ অভিশাপ উল্লেখ করে বলেন, “এককভাবে প্রশাসনের পক্ষে মাদক নির্মূল সম্ভব নয়, এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত উদ্যোগ।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা কুলসুম মনির সভাপতিত্বে এবং মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মতলব উত্তর থানার ওসি (তদন্ত) প্রদীপ মন্ডল।
পথসভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ছেংগারচর স্কুল মাঠ থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানায় গিয়ে শেষ হয়। পরে থানায় গিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান অতিথি।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যা, কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী, শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম, চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি ব্যারিস্টার ওবায়দুর রহমান টিপু, জেলা বিএনপির সদস্য আলমগীর সরকার, ছেংগারচর পৌর বিএনপির সভাপতি নান্নু মিয়া প্রধান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, জেলা যুবদলের সহ-সভাপতি খায়রুল হাসান বেনুসহ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মোঃ মাহফুজ আলম, মতলব উত্তর: 

















