ডিউটিরত অবস্থায় মাথায় গুলি করে আত্মহত্যা করলেন পুলিশ সদস্য
মাহবুব হাসান স্টাফ রিপোর্টার
খুলনায় রেলওয়ে পুলিশ লাইনে ডিউটিরত অবস্থায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। শনিবার ভোর সাড়ে ৪টার দিকে নগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার রেলওয়ে পুলিশ লাইনের অস্ত্রাগার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস। তিনি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার বাসিন্দা ছিলেন। গত বছরের নভেম্বর মাসে তিনি খুলনা রেলওয়ে পুলিশ লাইনে যোগদান করেন। তার স্ত্রীও পুলিশের সদস্য হিসেবে অন্য জেলায় কর্মরত রয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, ভোর ৪টা থেকে ৬টা পর্যন্ত তার ডিউটি ছিল। দায়িত্ব পালনকালে তিনি নিজের ব্যবহৃত রাইফেল দিয়ে মাথায় গুলি করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে খুলনা রেলওয়ে পুলিশ ও সোনাডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থল পরিদর্শন করেন।
সংশ্লিষ্ট থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে মনে করা হলেও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
রেলওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহতের পরিবারের সদস্যদের বিষয়টি অবহিত করা হয়েছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে জানানো হয়েছে।
মাহবুব হাসান স্টাফ রিপোর্টার 

















