আগামী হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হচ্ছেন আলহাজ্ব সামসুল আলম সামস্
সাব্বির আহমেদ শেরপুর প্রতিনিধি:
আসন্ন হালুয়াঘাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন হালুয়াঘাট পৌর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক ও শ্যামলী বাংলা পরিবহনের চেয়ারম্যান, বিশিষ্ট কয়লা আমদানিকারক আলহাজ্ব সামছুল আলম সামস।
তিনি “আলোকিত হালুয়াঘাট গড়ার প্রত্যয়ে” এবং একটি মডেল পৌরসভা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানান। প্রার্থিতা ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ নাগরিকদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
প্রার্থিতা উপলক্ষে এক বক্তব্যে তিনি বলেন, পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা গড়ে তোলাই তাঁর মূল লক্ষ্য। উন্নত রাস্তাঘাট, কার্যকর ড্রেনেজ ব্যবস্থা এবং আধুনিক নাগরিক সুবিধা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি। পাশাপাশি পৌরসভার সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
আলহাজ্ব সামছুল আলম সামস জানান, নাগরিকদের মতামতের ভিত্তিতেই উন্নয়নের রূপরেখা প্রণয়ন করা হবে। তিনি বলেন, “পৌরসভাকে একটি স্মার্ট ও পরিকল্পিত নগরীতে রূপান্তর করতে চাই। এজন্য সবার দোয়া ও সমর্থন কামনা করছি।”
দুর্নীতিমুক্ত প্রশাসন ও পরিকল্পিত উন্নয়নকে অগ্রাধিকার দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের অবহেলিত পৌরসভাকে আধুনিক ও কার্যকর সেবামুখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, আসন্ন হালুয়াঘাট পৌরসভা নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক পরিবেশ ক্রমেই সক্রিয় হয়ে উঠছে।
সাব্বির আহমেদ শেরপুর প্রতিনিধি: 


















