নলছিটিতে দুই মাস ধরে ইউএনও পদটি শূন্য, জনগণ সরকারি সেবা পেতে ভোগান্তির মুখে পড়ছেন
মাহবুব হাসান স্টাফ রিপোর্টার:
ঝালকাঠির নলছিটি উপজেলায় দীর্ঘদিন ধরে স্থায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) না থাকায় প্রশাসনিক কার্যক্রমে স্থবিরতা ও ধীরগতি দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ জনগণ সরকারি সেবা পেতে ভোগান্তির মুখে পড়ছেন বলে স্থানীয়দের দাবি।
দশটি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত এই উপজেলায় বর্তমানে স্থায়ী ইউএনও পদ শূন্য রয়েছে। ফলে সদর উপজেলার ইউএনওকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নলছিটি উপজেলা ও পৌরসভার প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন মো. নজরুল ইসলাম। পরে দায়িত্ব পান লাভলী ইয়াসমিন। এরপর ২৬ নভেম্বর জোবায়ের হাবিবকে নতুন ইউএনও হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি দায়িত্ব গ্রহণের পর প্রশিক্ষণে চলে যান। এরপর থেকেই পদটি শূন্য রয়েছে।
বর্তমানে সদর উপজেলার ইউএনও সেগুফতা মেহনাজ-কে অতিরিক্ত দায়িত্ব দিয়ে নলছিটি উপজেলা ও পৌরসভার প্রশাসকের দায়িত্ব পালন করানো হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, একই কর্মকর্তাকে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় সব কাজ সময়মতো হচ্ছে না। এতে জমি-সংক্রান্ত সেবা, নাগরিক সনদ, উন্নয়ন কার্যক্রমসহ বিভিন্ন প্রশাসনিক কাজে সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হচ্ছে।
নলছিটি পৌরসভার বাসিন্দারা জানান, নিয়মিত প্রশাসক না থাকায় অনেক কাজ আটকে যাচ্ছে। তারা দ্রুত স্থায়ী ইউএনও ও প্রশাসক নিয়োগের দাবি জানিয়েছেন।
স্থানীয়দের মধ্যে কাওসার সিকদার, মামুন হোসেন, রাকিব হোসেন ও বাপ্পি হাওলাদার বলেন, বারবার ইউএনও পরিবর্তন ও দীর্ঘ শূন্যতার কারণে উন্নয়ন কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এ বিষয়ে ঝালকাঠির জেলা প্রশাসক মো: মমিন উদ্দিন বলেন, প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে সাময়িকভাবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জানান, শূন্য পদে দ্রুত স্থায়ী ইউএনও পদায়নের প্রক্রিয়া চলমান রয়েছে এবং খুব শিগগিরই এ সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
মাহবুব হাসান স্টাফ রিপোর্টার: 


















