সর্বশেষ
[ 9seauubt ] [ সেনাবাহিনীতে চাকরির প্রলোভন দেখিয়ে টাকা নেওয়ার অভিযোগ, অভিযুক্ত আতিকুলের বিরুদ্ধে তদন্তের দাবি ] [ শুধু ভালো ফল নয়, মানবিক মানুষ হয়ে ওঠাই প্রকৃত সাফল্য’ নেত্রকোণা সরকারি কলেজে মেধাবী ও প্রাক্তন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ] [ হামলা-অগ্নিসংযোগের ক্ষত কাটেনি, এখনও বন্ধ গোপালগঞ্জে দুই থানার কার্যক্রম ] [ ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি হেলিম, সম্পাদক নজরুল ] [ WinX MediaTrans Keygen for Windows 10 x64 Multilingual 2027 ] [ মানুষের বিপদে পাশে দাঁড়ান রথীন্দ্রনাথ দত্ত, মানবিকতায় জয় করছেন সবার হৃদয় ] [ Alien Skin Blow Up Activated Full Edition (2026) ] [ পিরোজপুরে ঢাকাগামী ৪ পরিবহনের কাউন্টার বন্ধ করে দেওয়ার অভিযোগ : ] [ ভয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন, সংবাদ সম্মেলন করে পদত্যাগ টুঙ্গিপাড়ার ফুরুন মিয়া খাঁর ] [ স্বাভাবিক হতে শুরু করেছে গোপালগঞ্জে জনজীবন : ] [ পাকা আমন ও শীতের সবজিতে অসময়ের বৃষ্টির থাবা, দুশ্চিন্তায় কেন্দুয়ার চাষিরা ]

দেশকে আর কারো পৈত্রিক সম্পত্তি বানাতে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার ‘রেইনবো নেশন’ গড়ে সব জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার

দেশকে আর কারো পৈত্রিক সম্পত্তি বানাতে দেওয়া হবে না: ডেপুটি স্পিকার

‘রেইনবো নেশন’ গড়ে সব জাতিগোষ্ঠীর সমান অধিকার নিশ্চিতের অঙ্গীকার

 

 

 

সৈয়দ সময়,নেত্রকোনা:

 

 

 

বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, কোনো একক ব্যক্তির মাধ্যমে এ দেশের স্বাধীনতা অর্জিত হয়নি। তাই বাংলাদেশকে আর কখনো কারো পৈত্রিক সম্পত্তি বা ‘আমিত্বের’ দেশ হতে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ‘রেইনবো নেশন’ ধারণার আলোকে হাজং, গারো, হিন্দু ও মুসলমানসহ সব নাগরিকের সমান সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করা হবে।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ‘দেউলী উৎসব ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি দিনব্যাপী এ উৎসবের আয়োজন করে।

সাম্প্রতিক আন্দোলনের রক্তক্ষয়ী অধ্যায়ের কথা স্মরণ করে ডেপুটি স্পিকার বলেন, মাত্র এক-দেড় মাসের ব্যবধানে এক হাজার চারশো শিশু-কিশোর ও যুবক-যুবতীকে প্রাণ হারাতে হয়েছিল। সেই অপশক্তি আবারও মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তিনি বলেন, পূর্বপুরুষেরা যেভাবে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছেন এবং গণতন্ত্র রক্ষায় শিক্ষার্থীরা যেভাবে বুলেটকে আলিঙ্গন করেছেন, ঠিক সেভাবে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় দেশের প্রতিটি নাগরিককে অতন্ত্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।

ক্ষমতার পালাবদল প্রসঙ্গে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ক্ষমতা চিরস্থায়ী নয়; যারা ক্ষমতা কুক্ষিগত করেছে, তারাই বারবার ক্ষমতাচ্যুত হয়েছে। এ দেশের মানুষ শাসিত হতে চায় না এবং অন্যায়ের কাছে কখনো আপস করে না। ব্রিটিশবিরোধী সংগ্রাম থেকে শুরু করে এ জাতি কখনো দাসত্ব মেনে নেয়নি। কোনো সাম্রাজ্যবাদী বা আধিপত্যবাদী শক্তি বাংলাদেশকে করদ রাজ্যে পরিণত করার স্বপ্ন দেখলে তারা বোকার স্বর্গে বাস করছে উল্লেখ করে তিনি বলেন, বীরের জাতি কখনো মাথা নত করে না। যারা এখনো বিপথে আছেন, তাদের দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।

হাজং সম্প্রদায়ের অধিকার ও বঞ্চনার ইতিহাস তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, অতীতের বিভিন্ন রাষ্ট্রীয় নীতিতে হাজং জনগোষ্ঠী নিপীড়িত ও সংকুচিত হয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার আর কাউকে নিপীড়িত বা নিষ্পেষিত হতে দেবে না। বিরোধী দলে থাকাকালে তারেক রহমান জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশকে ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছিলেন যেখানে সব ধর্ম ও জাতিগোষ্ঠীর সমান নাগরিক অধিকার নিশ্চিত হবে এবং হাজং-গারোদের হৃত গৌরব পুনরুদ্ধার ও শতবর্ষী ঐতিহ্য আরও সমৃদ্ধ করা হবে। ২০০৯ সালের শেষ দিকে সংবিধান সংশোধনের মাধ্যমে ‘ক্ষুদ্র নৃ-গোষ্ঠী’ শব্দ যুক্ত করার প্রতিবাদে শহীদ মিনারে আদিবাসী সংগঠনের সভায় অংশ নেওয়ার স্মৃতিচারণ করে তিনি হাজংদের রাষ্ট্রীয় ও সাংবিধানিক মর্যাদা সমুন্নত রাখার আশ্বাস দেন।

টঙ্ক, তেভাগা ও হাতিখেদা আন্দোলনসহ মহান মুক্তিযুদ্ধে হাজং সম্প্রদায়ের সংগ্রামী ভূমিকা ও আত্মত্যাগের কথা উল্লেখ করে কায়সার কামাল বলেন, সত্য ও ন্যায়ের পথে চলতে গিয়ে এই জনগোষ্ঠী বহুবার নিগৃহীত হলেও মাথা নোয়ায়নি। বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজংয়ের দাবির পরিপ্রেক্ষিতে তিনি জানান, স্থানীয় পর্যায়ে চাকরির ক্ষেত্রে অনগ্রসর হাজং ও গারোদের বিষয়টি সদয়ভাবে বিবেচনা করা হলে দেশের প্রতি তাদের শত বছরের অবদানের কিছুটা হলেও স্বীকৃতি মিলবে।

হাজং ভাষা সংরক্ষণের উদ্যোগ সম্পর্কে ডেপুটি স্পিকার জানান, ঢাকা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হাজং শিক্ষার্থী এবং সম্প্রদায়ের নেতাদের যৌথ উদ্যোগে বাংলা ও হাজং ভাষা পাশাপাশি রেখে ‘মুলা হাজং’ নামে একটি বই প্রকাশ করা হয়েছে। পাশাপাশি মন্দিরে আসা শিশুদের হাতে-কলমে মাতৃভাষা শেখাতে মন্দিরভিত্তিক হাজং ভাষা শিক্ষা চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

নিজের শৈশব ও পারিবারিক সম্পর্কের কথা স্মরণ করে তিনি বলেন, ধর্মীয় ও জাতিগত পরিচয় ভিন্ন হলেও কলমাকান্দা ও দুর্গাপুরের মানুষ শান্তিপূর্ণ সহাবস্থানে রয়েছে। গারো, হাজং, হিন্দু ও মুসলমানদের এই জনপদকে একটি বাগান এবং নিজেকে সেই বাগানের ‘মালি’ আখ্যা দিয়ে সবার সমান অধিকারের আদর্শ এলাকা গড়ে তোলার প্রত্যয় জানান তিনি।

নেত্রকোনার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে উৎসবের উদ্বোধন করেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। স্বাগত বক্তব্য দেন বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোনার পুলিশ সুপার তরিকুল ইসলাম, কলমাকান্দা উপজেলা নির্বাহী অফিসার এন. এম. আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি এম. এ খায়ের, কালচারাল একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সন্ধা রাণী হাজং, বাংলাদেশ জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং এবং গোবিন্দপুরের গাঁওবুড়া সুবোধ হাজং। উৎসবে ঐতিহ্যবাহী পোশাকে হাজং সম্প্রদায়ের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।