রাজাপুরে ঘর মেরামতের সময় টিনের চালা থেকে পড়ে কাঠমিস্ত্রীর মৃত্যু
মাহবুব হাসান স্টাফ রিপোর্টার
ঝালকাঠির রাজাপুরে ঘর মেরামতের কাজ করতে গিয়ে টিনের চালা থেকে পা ফসকে পড়ে সেন্টু হাওলাদার নামে একজন কাঠমিস্ত্রীর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাগড়ি জোড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সেন্টু হাওলাদার (৫৫) উপজেলার মঠবাড়ি ইউনিয়নের মধ্য বাগড়ি মল্লিকবাড়ি গ্রামের মৃত তৈয়ব আলী হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাগড়ি জোড়া মসজিদ সংলগ্ন এলাকায় লিটন হাওলাদারের পুরাতন কাঠের ঘর মেরামতের কাজ করছিলেন সেন্টু হাওলাদারসহ তিনজন। কাজের একপর্যায়ে টিনের চালার ওপর থেকে পা ফসকে নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মঠবাড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফোরক সিকদার বলেন, দুর্ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
রাজাপুর থানার এসআই আতাউর রহমান জানান, ঘটনাস্থলে গিয়ে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা আপত্তি না থাকায় মরদেহ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।
আগামীকাল রোববার সকাল ৯টায় জানাজা শেষে মধ্য বাগড়ি এলাকার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
মাহবুব হাসান স্টাফ রিপোর্টার 
















